ঝিনাইদহে গলাকাটা লাশ উদ্ধার
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে আনোয়ার হোসেন আনু (৪০) নামের এক ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার কেসমত ঘোড়াগাছা গ্রামের মাঠ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
আনোয়ার হোসেন আনু উপজেলার ভালকী গ্রামের জবেদ আলীর ছেলে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের ভাতিজা চাঁদ আলী জানান, গতকাল বুধবার সন্ধ্যায় আনোয়ার হোসেন বাড়ি থেকে বের হন। কিন্তু রাতে তিনি বাড়ি ফিরে আসেননি। আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে কেসমত ঘোড়াগাছা গ্রামের মাঠে স্থানীয়রা আনোয়ারের লাশ পড়ে থাকতে দেখে তাঁকে খবর দেয়। সেখানে গিয়ে চাচার লাশ দেখে পরিচয় নিশ্চিত হওয়ার পর পুলিশে খবর দেন।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহতাব উদ্দীন জানান, খবর পেয়ে বিকেল ৪টার দিকে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।
ওসি বলেন, ‘নিহত আনোয়ার হোসেন চরমপন্থী দলের সদস্য ছিলেন এবং তাঁর বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজিসহ কমপক্ষে চারটি মামলা রয়েছে। মামলা থেকে জামিন নিয়ে বেশ কিছু দিন ধরে তিনি নিজ গ্রামেই বসবাস করে আসছিলেন।’
প্রসঙ্গত গত নয় বছর আগে আনুর আরেক ভাই হাকিকেও দুর্বৃত্তরা এভাবে হত্যা করেছে।

মিজানুর রহমান, ঝিনাইদহ