মানিকগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের যাবজ্জীবন
মানিকগঞ্জের শিবালয় উপজেলার নয়াকান্দি গ্রামে সেবা রাণী হালদারকে (২৭) ধর্ষণের পর হত্যার দায়ে আদালত দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও এক লাখ টাকা জরিমানা করেছেন।
আজ সোমবার দুপুরে মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হাছিনা রৌশন জাহান এই রায় দেন।
দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন নয়াকান্দি গ্রামের পরান হালদার (৫৫) ও সুমন শেখ (৪০)। রায় ঘোষণার সময় পরান আদালতে উপস্থিত থাকলেও সুমন পলাতক রয়েছেন।
সংশ্লিষ্ট আইনজীবীরা জানান, ২০০৬ সালের ৫ নভেম্বর ধীরেন হালদারের মেয়ে সেবাকে ধর্ষণের পর হত্যা করা হয়। এই ঘটনায় একই গ্রামের পরান হালদার, সুমন শেখ, রতন হালদার, নিতিশ হালদার ও অজিত হালদারকে আসামি করে হত্যা মামলা করেন ধীরেন। পুলিশ তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করলে আদালত ১০ জনের সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষ্য গ্রহণ ও যুক্তি-তর্ক শেষে বিচারক আজ রায় ঘোষণার ধার্য দিনে দুজনকে ওই সাজা দেন। আর অন্য আসামিদের বেকসুর খালাস দেওয়া হয়।
রাষ্ট্রপক্ষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর এ কে এম নূরুল হুদা রুবেল এবং আসামি পক্ষে আমজাদ হোসেন মামলাটি পরিচালনা করেন।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ