একই পরিবারের তিনজনসহ নিহত চার
কুমিল্লার দাউদকান্দির গৌরীপুরে ঢাকা থেকে চট্টগ্রামগামী বাসের সঙ্গে বিপরীতমুখী একটি প্রাইভেটকারের সংঘর্ষ হয়েছে। এতে চিকিৎসক ও তাঁর পরিবারের আরো দুই সদস্যসহ চারজন নিহত হয়েছেন।
গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত চারজনই প্রাইভেটকারের যাত্রী।
নিহত ব্যক্তিরা হলেন- জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসক ফজলুর রহমান বারী, তাঁর স্ত্রী আসমাউল হুসনা, মেয়ে ফাহমিদা ফাইজা স্নেহা (১১) ও গৃহপরিচারিকা সীমা।
আমাদের কুমিল্লা প্রতিনিধি মো. জালাল উদ্দিন ও চান্দিনা প্রতিনিধি কাজী রাশেদ জানিয়েছেন- চিকিৎসক ফজলুরের বাড়ি বগুড়া জেলার সদর থানার নারুলী গ্রামে এবং গৃহপরিচারিকা সীমা দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানার বাঁশমুড়ি গ্রামের মহিরউদ্দিনের মেয়ে।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছে নিহত চিকিৎসকের মেয়ে ফাবিহা বুশরা বারী ফাইজা (৮) এবং ছেলে শাহজালাল আরিয়ান বারী (৪)। উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল দিবাগত রাতে গৌরীপুরের টামটা নতুন রাস্তা এলাকায় ঢাকা থেকে চট্টগ্রামগামী ইউনিক পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে কুমিল্লা থেকে ঢাকাগামী প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন ফজলুর রহমান বারী ও তাঁর স্ত্রী আসমাউল হুসনা। পরে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে ফাবিহা বুশরা বারী ফাইজা ও সীমার মৃত্যু হয়।
ডা. ফজলুরের বোন সাবিনা ইয়াসমিন এনটিভি অনলাইনকে জানান, তাঁর ভাই কুমিল্লার একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে ঢাকায় ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম জানান, দাউদকান্দি থানার পুলিশ নিহত চারজনের লাশ উদ্ধার করেছে। লাশ, দুর্ঘটনাকবলিত বাস ও প্রাইভেটকারটি থানায় নেওয়া হয়েছে।

অনলাইন ডেস্ক