৩ বছরে দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা অর্জন, আশা সাঈদ খোকনের
‘আরবান রেজিলেন্স প্রকল্প’ বাস্তবায়ন হলে আগামী তিন বছরের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ভূমিকম্পের দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা অর্জন করতে পারবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।
আজ সোমবার সকালে সিটি করপোরেশনের সেমিনার কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রথম সভায় মেয়র সাঈদ খোকন এ কথা বলেন।
৩৯টি সংস্থার সমন্বয়ে গঠিত এই কমিটির সভায় বেশির ভাগ সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। তাঁরা ভূমিকম্পের দুর্যোগ মোকাবিলায় কী কী সমস্যা বিদ্যমান এবং কীভাবে তা থেকে উত্তরণ সম্ভব তা নিয়ে আলোচনা করেন। পরে সভা থেকে বেশ কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে আছে ঢাকার প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ড কাউন্সিলরের নেতৃত্বে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি গঠন ও ২০০ স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত রাখা। আরো আছে আরলি ওয়ার্নিং সিস্টেম গ্রহণ। এর মাধ্যমে ভূমিকম্পের ১৫ সেকেন্ড আগে সতর্কসংকেত পাওয়া যাবে। এ ছাড়া ঢাকার ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করে তা ভেঙে ফেলার সিদ্ধান্ত হয়। বিশ্বব্যাংকের আর্থিক সহযোগিতায় ভূমিকম্পের দুর্যোগ মোকাবিলায় ১৭৩ মিলিয়ন ডলারের ‘আরবান রেজিলেন্স প্রকল্প’ গ্রহণ করা হয়েছে, যার মধ্যে ঢাকার জন্যই ব্যয় হবে ৯৫ মিলিয়ন ডলার।

নিজস্ব প্রতিবেদক