চৌদ্দগ্রামে ডাকাতের হামলায় সাবেক আনসার সদস্য নিহত
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ডাকাতদের হামলায় সাবেক এক আনসার সদস্য নিহত হয়েছেন। গতকাল রোববার রাতে উপজেলার চান্দশ্রী গ্রামে এ ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় লোকজনের বরাত দিয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ হোসেন জানান, রাত ২টার দিকে সাবেক আনসার সদস্য আলী আকবরের বাড়িতে দরজার তালা ভেঙে একদল ডাকাত ঘরের ভেতরে ঢোকে। তারা ঘরের বিভিন্ন কক্ষে মালামাল লুট করা শুরু করে। এ সময় আলী আকবর ডাকাতদের বাধা দেন। তারা তাঁকে ও তাঁর স্ত্রীকে দড়ি দিয়ে হাত বেঁধে ফেলে। ডাকাতরা আকবরকে লাঠি দিয়ে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
ওসি জানান, ডাকাতরা ঘরে থাকা আট ভরি স্বর্ণালংকার, ২০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে। পুলিশ লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।

মো. জালাল উদ্দিন, কুমিল্লা