সাবেক সাব-রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা
ফরিদপুর সদর সাব-রেজিস্ট্রার অফিসের সাবেক সাব-রেজিস্ট্রারসহ পাঁচ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সাধারণ মানুষকে জিম্মি করে দলিল নিবন্ধনের নামে অতিরিক্ত অর্থ আদায় ও ঘুষ গ্রহণের অভিযোগে এই মামলাটি করা হয়।
আজ সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিদর্শক মো. শামীম হোসেন। এর আগে, গতকাল রোববার (১ ফেব্রুয়ারি) দুদকের সহকারী পরিচালক সরদার আবুল বাসার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার আসামিরা হলেন- ফরিদপুর সদর সাব-রেজিস্ট্রার অফিসের সাবেক সাব-রেজিস্ট্রার মো. ইউসুফ আলী মিয়া (৬০), তুলনাকারক মো. মেহেদী হাসান (৩৭), নকলকারক মনোয়ার হোসেন (৪০), পাঠক মো. জাহিদ শেখ (৪১) ও মো. জিহাদ শেখ (৩৩)।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, অভিযুক্তরা পরস্পর যোগসাজশে সাব-রেজিস্ট্রার অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি করে আসছিলেন। নির্ধারিত সরকারি ফি’র বাইরে অতিরিক্ত টাকা (ঘুষ) না দিলে দলিল গ্রহণে অযৌক্তিক বিলম্ব করা, তুচ্ছ অজুহাতে ফাইল আটকে রাখা ও অনেক ক্ষেত্রে দলিল ফেরত দেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
দুদক প্রধান কার্যালয়ের নির্দেশে বিষয়টি নিয়ে অনুসন্ধান চালায় ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়। অনুসন্ধানে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় কমিশন মামলা দায়েরের অনুমোদন দেয়। এরই প্রেক্ষিতে ১৮৭৯ সালের দণ্ডবিধি এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলাটি রুজু করা হয়।
ফরিদপুর দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক রতন কুমার দাশ জানান, মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন প্রক্রিয়ায় রয়েছে। ইতোমধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জব্দ ও সাক্ষ্যগ্রহণের প্রস্তুতি শুরু হয়েছে। তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হলে আসামিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সঞ্জিব দাস, ফরিদপুর