চট্টগ্রামে হরতাল
জামায়াতের ঝটিকা মিছিল, মোড়ে মোড়ে তল্লাশি
জামায়াতের ডাকা হরতালে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামে জোরদার করা হয়েছে পুলিশের টহল। ছবি : এনটিভি
চট্টগ্রামে হরতালের সমর্থনে ঝটিকা মিছিল করেছে জামায়াতে ইসলামীর সদস্যরা। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে নগরীর চট্টেশ্বরী এলাকায় এ ঝটিকা মিছিল করে তারা।
তবে সকাল ১০টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নগরীর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
হরতালের কারণে সকাল থেকে রাস্তায় রিকশাসহ সীমিত সংখ্যক যানবাহন চলাচল করছে। রিকশা ও সিএনজিচালিত অটোরিকশাসহ কিছু কিছু ব্যক্তিগত গাড়িও চলাচল করতে দেখা গেছে। তবে চট্টগ্রাম থেকে বন্ধ রয়েছে দূরপাল্লার যান চলাচল।
এদিকে যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে নগরীতে পুলিশ, র্যাব টহল দিচ্ছে। নগরীর মোড়ে মোড়ে গাড়ি তল্লাশি করতে দেখা গেছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য জানান, নগরীতে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ও সহিংসতা ঠেকাতে পুলিশ সদস্যদের টহল জোরদার করা হয়েছে।

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম