কুমিল্লা সেনানিবাসে আন্ডারপাস উদ্বোধন
ঢাকা-চট্টগ্রাম মহাসকের কুমিল্লা সেনানিবাস এলাকায় আন্ডারপাস উদ্বোধন করা হয়েছে।
আজ রোববার শহীদ গোলাম মোস্তফা গেটসংলগ্ন এ আন্ডারপাসের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এতে ব্যয় হয়েছে প্রায় সাড়ে ১৩ কোটি টাকা।
এ সময় সেতুমন্ত্রী বলেন, দেশের যোগাযোগব্যবস্থায় যে বৈপ্লবিক পরিবর্তন দৃশ্যমান হচ্ছে এ পরিবর্তনে সেনাবাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ। আগামী ১০ দিনের মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফোর লেনের ১৯০ কিলোমিটারের ফাস্ট লেয়ারের কাজ শেষ হবে। আর চলতি বছরের মে মাসের শেষের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়েকর ফোর লেনের কাজ শেষ হবে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফোর লেনের কাজ শেষ হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন বলেও জানান ওবায়দুল কাদের।
এ সময় কুমিল্লা সেনানিবাসের জিওসি মেজর জেনারেল এনায়েত উল্লাহ (এনডিইউ, পিএসসি), সাবেক জিওসি মেজর জেনারেল মো. জাহিদুর রহমান, সড়ক ও জনপথ এবং ফোরলেন প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মো. জালাল উদ্দিন, কুমিল্লা