রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে চুক্তি সই
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প নির্মাণে রাশিয়ার সঙ্গে চুক্তি সই করেছে বাংলাদেশ।
আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান এটমস্ট্রয় এক্সপার্টের পক্ষে প্রতিষ্ঠানটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাবোস্কিম ও বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম এই চুক্তি সই করেন।
২০১৪ সালে চালু হবে ২৪০০ মেগাওয়াটের এই বিদ্যুৎ প্রকল্পটি, যা বাস্তবায়নে ব্যয় হবে ১২ দশমিক ৬৫ বিলিয়ন মার্কিন ডলার। প্রকল্প ব্যয়ের ৯০ ভাগ অর্থ বাংলাদেশকে ঋণ হিসেবে দেবে রাশিয়া।
চুক্তি অনুযায়ী, বিদ্যুৎকেন্দ্রের নকশা, যন্ত্রাংশ সরবরাহ, পারমাণবিক জ্বালানি সরবরাহ, উৎপাদনসহ বিভিন্ন সেবা দেবে রাশিয়া।
চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, বিজয়ের মাসে এই চুক্তি সই বাংলাদেশের জন্য আরেকটি মাইলফলক। বিদ্যুৎকেন্দ্রটি ৫০ বছর ধরে বিদ্যুৎ উৎপাদন করবে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, বিদ্যুৎকেন্দ্রের ব্যবহৃত জ্বালানি রাশিয়ার কাছ থেকে ভাড়া নেওয়া হবে এবং ব্যবহার শেষে জ্বালানির বর্জ্য ফেরত নেবে রাশিয়া।

নিজস্ব প্রতিবেদক