একমঞ্চে তানোরের ৩ মেয়র পদপ্রার্থী
রাজশাহীর তানোর পৌরসভাকে দুর্নীতিমুক্ত, কার্যকর ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানে পরিণত করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার অঙ্গীকার করেছেন তিন মেয়র পদপ্রার্থী।
পৌরসভা নির্বাচন উপলক্ষে আজ মঙ্গলবার বিকেলে সুশাসনের জন্য নাগরিক-সুজন রাজশাহী জেলা কমিটি আয়োজিত ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠানে তিন মেয়র পদপ্রার্থী একমঞ্চে উপস্থিত হয়ে এই অঙ্গীকার করেন।
নির্বাচিত হলে তাঁরা এলাকার বেকার সমস্যার সমাধান, প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার এবং যিনি মেয়র নির্বাচিত হবেন তিনি প্রতিবছর ব্যক্তিগত ও পারিবারিক সম্পদের হিসাব জনসম্মুখে প্রকাশ করবেন বলে জনসাধারণের সামনে শপথ করেন।
তানোর পৌরসভার আকচা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নির্মিত মঞ্চে পৌরসভার তিন মেয়র পদপ্রার্থী আওয়ামী লীগ মনোনীত ইমরুল হক, বিএনপি মনোনীত মিজানুর রহমান মিজান ও স্বতন্ত্র প্রার্থী আবুল হাসনাথ মোখলেসুর রহমান তাঁদের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে ভোটারদের উদ্দেশে বক্তব্য দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজনের রাজশাহী জেলা কমিটির সম্পাদক মাহমুদ আলম মাসুদ। স্বাগত বক্তব্য দেন সুজন রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী জাকারুল ইসলাম।

শ. ম সাজু, রাজশাহী