ঈদে মিলাদুন্নবী সরকারিভাবে পালনের দাবি
১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) সরকারিভাবে পালন ও পয়লা মহরমে সরকারি ছুটি ঘোষণার দাবি জানিয়েছে আনজুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট। শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন আনজুমান ট্রাস্টের সাধারণ সম্পাদক আলহাজ আনোয়ার হোসেন। সভায় যুগ্ম সম্পাদক আলহাজ সিরাজুল হক, গিয়াস উদ্দিন, পেয়ার মোহাম্মদ মোছায়েব উদ্দিন বখতেয়ার উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে প্রথমবারের মতো আগামী ২২ ডিসেম্বর ৯ রবিউল আউয়াল ঢাকার মোহাম্মদপুর খানকা শরিফ ও ১২ রবিউল আউয়াল শুক্রবার চট্টগ্রামের ষোলশহর থেকে জশনে জুলুছের শোভাযাত্রা বের করবে আনজুমান ট্রাস্ট। ঢাকা ও চট্টগ্রামের এ দুটি শোভাযাত্রায় আল্লামা সৈয়দ তাহের শাহ্ নেতৃত্ব দেবেন।
আয়োজকরা জানান, ১৯৭৪ সালে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে চট্টগ্রামে প্রথম ধর্মীয় এ শোভাযাত্রার সূচনা হয় যা পরবর্তীতে পুরো দেশজুড়ে ছড়িয়ে পড়ে।

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম