চট্টগ্রামে বিচারক হত্যা : স্ত্রী শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে অভিযোগপত্র
চট্টগ্রামে বিচারক আবু সাঈদ হত্যা মামলায় তাঁর দ্বিতীয় স্ত্রী, শ্বশুর, শাশুড়িসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
আজ মঙ্গলবার সহকারী পুলিশ কমিশনার প্রসিকিউশন নির্মলেন্দু বিকাশ চক্রবর্তীর কাছে অভিযোগপত্র জমা দেন সিআইডির পরিদর্শক কাজল কান্তি চৌধুরী।
আদালতের প্রসিকিউশন নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী জানান, ২০১৪ সালের ১৬ সেপ্টেম্বর চট্টগ্রামের হালিশহরে দ্বিতীয় স্ত্রীর বাসায় খুন হন নওগাঁর অতিরিক্ত জেলা জজ কাজী আবদুল হাসিব মো. সাঈদ। এ ঘটনায় তাঁর দ্বিতীয় স্ত্রী সানজিদা আহমেদ, শাশুড়ি লাকী আকতার, শ্বশুর নাসির আহমেদ, শ্যালক ইমরান ও গৃহকর্মী রিনা আকতারকে আসামি করে অভিযোগপত্র দাখিল করে সিআইডি।
কাজী আবদুল হাসিব মো. সাঈদ চট্টগ্রাম আদালত ও পটিয়ায় সহকারী বিচারকের দায়িত্ব পালন করেন। পরে তাঁকে নওগাঁর অতিরিক্ত জেলা জজ হিসেবে বদলি করা হয়। তাঁর প্রথম স্ত্রী থাকতেন ঢাকায়। মাঝেমধ্যে চট্টগ্রাম এলে দ্বিতীয় স্ত্রীর বাসায় থাকতেন বিচারক আবু সাঈদ। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, বিচারক আবু সাঈদকে মাথায় আঘাত ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম