মানিকগঞ্জ পৌরনির্বাচনে আ.লীগের বিকল্প প্রার্থী
শেষ দিনে উৎসবমুখর পরিবেশে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপিসহ চারজন মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে প্রার্থীরা বেশ উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গাজী মো. আসাদুজ্জামান কবিরের কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেন।
মেয়র পদপ্রার্থীরা হলেন বর্তমান মেয়র আওয়ামী লীগের মনোনীত রমজান আলী, বিএনপি মনোনীত নাসির উদ্দিন আহমেদ যাদু, স্বতন্ত্র পদে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গাজী কামরুল হুদা সেলিম ও জেলা শ্রমিক লীগের সভাপতি বাবুল সরকার।
দলীয় সূত্রে জানা গেছে, গাজী কামরুল হুদা সেলিম ও বাবুল সরকার আওয়ামী লীগের নেতা হলেও তাঁরা পৌরসভা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী নন। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রমজান আলীর বিকল্প প্রার্থী বাবুল সরকার।
মনোয়নপত্র যাচাই-বাছাইয়ে রমজানের প্রার্থিতা বাতিল হলে বাবুল সরকার নির্বাচনে থাকবেন। আর যাচাই-বাছাইয়ে রমজানের মনোনয়ন বৈধ হলে প্রার্থিতা প্রত্যাহার করে নেবেন বলে জানিয়েছেন বাবুল সরকার।
অপরদিকে, গাজী কামরুল হুদা সেলিম দলীয় মনোনয়ন চাচ্ছেন এমনটা জানা গেলেও শেষ পর্যন্ত তিনি দলীয় মনোনয়ন চাননি। পৌর নাগরিক কল্যাণ সমিতির ব্যানারে দীর্ঘ দিন ধরে তিনি পৌরসভার সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। শেষ পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোয়নপত্র জমা দিয়েছেন এক টানা প্রায় ১২ বছর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা গাজী কামরুল হুদা সেলিম।

মানিকগঞ্জের রিটার্নিং কর্মকর্তা গাজী মো. আসাদুজ্জামান কবির জানান, শেষ দিনে ওই চার মেয়র প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। কাউন্সিলর পদে ৭১ জন ও মহিলা কাউন্সিলর পদে ১৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আগামী ৫ ও ৬ ডিসেম্বর প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই করা হবে।

এদিকে, ভোটার তালিকায় ক্রটির অভিযোগে এক রিটে গতকাল বুধবার মানিকগঞ্জ সিংগাইর পৌরসভার নির্বাচন স্থগিত করেছে হাইকোর্ট। হাইকোর্টের এই স্থগিতাদেশের নথিপত্র না আসায় সেখানেও মেয়রসহ সব কাউন্সিলর প্রার্থীদের মনোয়নপত্র জমা নেওয়া হয়।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ