ভারত থেকে আসছে আরো ১০০ মেগাওয়াট বিদ্যুৎ
আগামী মাস থেকে ভারতের ত্রিপুরার পালাটানা বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশ ১০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া শুরু করবে। বাংলাদেশ ও ভারতের বিদ্যুৎ মন্ত্রণালয়ের সচিবপর্যায়ের বৈঠক শেষে অতিরিক্ত সচিব আহমদ কাইকুয়াস এ কথা জানান।
সচিবপর্যায়ের বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান বিদ্যুৎ প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে বার্তা সংস্থা বাসস এক প্রতিবেদনে উল্লেখ করেছে। এতে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিদ্যুৎসচিব মনোয়ারুল ইসলাম।
কাইকুয়াস আরো বলেন, বাংলাদেশ এরই মধ্যে ভেড়ামারা বিদ্যুৎ লাইন দিয়ে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে। বাংলাদেশ এই লাইন দিয়ে আরো ৫০০ মেঘাওয়াট বিদ্যুৎ দেওয়ার জন্য ভারতকে অনুরোধ করেছে। ভারত আরো ৫০০ মেগাওয়াট দিতে সম্মত হয়েছে। বৈঠকে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে। আগামী ২০১৮ সালের মধ্যে বাংলাদেশ আরো ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ ভারত থেকে পাবে।
বৈঠকে ভারতের সহায়তায় রামপালে এক হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র নির্মাণের অগ্রগতি নিয়েও আলোচনা হয়।
এ ছাড়া বৈঠকে ভারতের দুটি বেসরকারি প্রতিষ্ঠান কর্তৃক বাংলাদেশে তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্প নির্মাণ নিয়েও আলোচনা হয় বলে বৈঠক সূত্রে বলা হয়েছে।

অনলাইন ডেস্ক