মানিকগঞ্জে জেলা জামায়াতের সেক্রেটারিসহ আটক ৬
অপরাধ প্রতিরোধ ও নিবারণমূলক বিশেষ অভিযানে পুলিশ মানিকগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট আনোয়ার হোসেনসহ (৫২) ছয়জনকে আটক করেছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকা থেকে সংশ্লিষ্ট থানা পুলিশ তাঁদের আটক করে।
আনোয়ারের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার বেউথা এলাকায়।
আটক অন্যরা হলেন বিএনপিকর্মী মানিকগঞ্জের সিংগাইর উপজেলার কাংশা গ্রামের মো. আজগর হোসেন (২৩), ইসলামপুর গ্রামের কামরুল হাসান (৪০), সাটুরিয়া উপজেলার গোপালপুর গ্রামের মো. জমশের আলী (৩৭), শিবালয় উপজেলার কাতরাশিন গ্রামের রেজাউল ইসলাম প্রিন্স (৪০) ও ইসলামী ছাত্রশিবিরের কর্মী ঘিওর উপজেলার শ্রীধরনগর গ্রামের সিরাজুল ইসলাম (৩২)।
আজ শুক্রবার সকালে মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, জেলার বিভিন্ন এলাকায় যেকোনো ধরনের ধ্বংসাত্মক ও সহিংস ঘটনা নিবারণমূলক বিশেষ অভিযান পরিচালনা করা হয় গত রাতে। এতে সংশ্লিষ্ট থানা পুলিশ পৃথকভাবে ওই ছয়জনকে আটক করেছে। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ