মানিকগঞ্জে বিএনপি নেতা গ্রেপ্তার
মানিকগঞ্জে জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আজাদ হোসেন খানকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার রাত ১০টার দিকে নাশকতাবিরোধী অভিযানে শহরের সেওতা এলাকার নিজ বাড়ি থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
মানিকগঞ্জের সরকারি কৌঁসুলি (পিপি) ছিলেন আজাদ হোসেন। বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের লাগাতার অবরোধ ও হরতালে গাড়িতে অগ্নিসংযোগসহ বেশ কিছু নাশকতার ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। এর আগে গত ১৯ অক্টোবর নাশকতার মামলায় পুলিশ গ্রেপ্তার করলে পরে তিনি জামিনে ছাড়া পান। দলীয়ভাবে মানিকগঞ্জ পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে তিনি প্রচার চালাচ্ছেন।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, দেশের চলমান পরিস্থিতিতে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে নাশকতা চালাতে পারে—এ আশঙ্কায় গতকাল রাতে অভিযান চালিয়ে আজাদকে শহরে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ