মানিকগঞ্জে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে একজন নিহত
ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের ভাটবাউর এলাকায় যাত্রীবাহী একটি বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে অ্যাম্বুলেন্সের যাত্রী হারুন অর রশিদ (৫৫) নিহত হয়েছেন।
আজ শুক্রবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে নিহত হারুন অর রশিদের বাড়ি ফরিদপুর সদর উপজেলার ঝিলটুলী মুজিব সড়ক এলাকায়। তাঁর বাবা প্রয়াত শফিকুল ইসলাম।
দুর্ঘটনায় আহত হয়েছেন অ্যাম্বুলেন্সের চালক আনোয়ার হোসেন (৪৫)। গুরুতর অবস্থায় তাঁকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ঢাকা থেকে ফরিদপুরগামী অ্যাম্বুলেন্সের সঙ্গে ঢাকাগামী পদ্মা লাইন পরিবহনের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সের সামনের অংশ দুমড়ে-মুচড়ে বাসের ভেতরে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের যাত্রী নিহত হন। খবর পেয়ে পুলিশ আহত অ্যাম্বুলেন্স চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
গোলড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। এ বিষয়ে একটি মামলার প্রস্তুতি চলছে।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ