হাসপাতালের বাথরুমে বৃদ্ধের ঝুলন্ত লাশ!
শেরপুর জেলা সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডের বাথরুম থেকে আবদুল মালেক নামের এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
আবদুল মালেক সদর উপজেলার লছমনপুর গ্রামের বাসিন্দা। তিনি ২৬ অক্টোবর শনিবার পেটব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
আবদুল মালেকের স্ত্রীর বরাত দিয়ে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) বিল্লাল হোসেন জানান, অসুস্থ অবস্থায় আবদুল মালেক হাসপাতালে ভর্তি ছিলেন। গতকাল রাতে তিনি বাথরুমে গিয়ে দীর্ঘসময় থাকলে তাঁর স্ত্রী খোঁজ নিতে যান। সেখানে গিয়ে ঝুলন্ত অবস্থায় আবদুল মালেককে দেখতে পান তিনি।
এদিকে হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ ডা. রবিউল ইসলাম জানান, আবদুল মালেক পেটব্যথা নিয়ে ২৬ অক্টোবর শনিবার থেকে সার্জারি ওয়ার্ডের বি-১৩ নম্বর বেডে তাঁর অধীনে ভর্তি ছিলেন।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্তের পরই মৃত্যুর ব্যাপারটি সম্পর্কে বিস্তারিত জানা যাবে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়।

কাকন রেজা, শেরপুর