নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যানবাহন ভাঙচুর
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর বাসশ্রমিকদের হামলার প্রতিবাদে ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেছে ক্ষুব্ধ শিক্ষার্থীরা।
ত্রিশাল থানা পুলিশ, বিশ্ববিদ্যালয় ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল সোমবার রাত সোয়া ৯টার দিকে ময়মনসিংহ মাসকান্দা টার্মিনালের সামনে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এর প্রতিবাদে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ত্রিশালে নওধার বিশ্ববিদ্যালয় বাইপাস মোড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শিক্ষার্থীরা প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধ করে। তারা বেশ কয়েকটি বাস, ট্রাক ও যানবাহনে হামলা চালিয়ে জানালার কাচ ভাঙচুর করে।
পরে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুব হোসেন, পরিবহন প্রশাসক রেদোয়ান আহমেদ শুভ্র ঘটনার বিচারের আশ্বাস দিলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।


আইয়ুব আলী, ময়মনসিংহ