ফরিদপুরে দুই সড়ক দুর্ঘটনায় নিহত ৩
ফরিদপুরে দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকা-ফরিদপুর মহাসড়কে ফরিদপুরের কোমরপুর এলাকায় রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ফরিদপুরগামী একটি পিকআপভ্যান ধাক্কা দিলে চারজন আহত হন।
আহতদের ফরিদপুর ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থল থেকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে আজ শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় আহতদের মধ্যে দুজন মারা যান। তাঁরা হলেন ফরিদপুর সদর উপজেলার ডিগ্রিচর ইউনিয়নের ক্ষিদির বিশ্বাসের বাড়ি এলাকার রিয়াজ শেখ ও পাবনার কাশিনাথপুর এলাকার আব্বাস শেখ।
ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক মো. বেলাল হোসেন বলেন, ‘আমরা খবর পেয়ে ফরিদপুর মেডিকেল কলেজে যাই। নিহতদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ দুটি ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
অন্যদিকে, আজ শুক্রবার সকালে শহরের অম্বিকাপুর বাজারে একটি অটোরিকশা এক পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই ওই পথচারী নিহত হন। তাঁর বাড়ি কুষ্টিয়া জেলায় বলে জানা গেছে।

সঞ্জিব দাস, ফরিদপুর