ছাত্রলীগ নেতার প্রতিবাদ
‘ঢাবি ছাত্রলীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয় একাত্তর হল শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফুয়াদ হোসেন শাহাদাত।
আজ সোমবার এনটিভি অনলাইনে এক প্রতিবাদপত্র পাঠিয়েছেন ছাত্রলীগ নেতা ফুয়াদ হোসেন শাহাদাত। গত শনিবার এনটিভি অনলাইনে ‘ঢাবি ছাত্রলীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ’ শীর্ষক সংবাদটি প্রকাশিত হয়।
প্রতিবাদপত্রে শাহাদাত বলেন, ‘সংবাদে আমার নামে যে চাঁদাবাজির অভিযোগ করা হয়েছে তা ভিত্তিহীন। আমার হলের সামনে গত দেড় সপ্তাহ আগে প্রক্টর স্যারের নির্দেশে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি চারটি ভ্রাম্যমাণ দোকানকে উচ্ছেদ করে। যে দোকানগুলো কবি জসীম উদদীন হলের মাঠ সংলগ্ন। সুতরাং চাঁদাবাজির কোনো প্রশ্নই আসে না। দ্বিতীয় অংশে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল শাখার কোনো কর্মীর সঙ্গে বনিবনা না হওয়ায় ছাত্রশিবির-ছাত্রদল আখ্যা দিয়ে শিক্ষার্থীকে হলচ্যুত করার অভিযোগটিও ভিত্তিহীন।’
প্রতিবাদপত্রে শাহাদাত বলেন, ‘গত ৩ আগস্ট হল থেকে দুজন শিক্ষার্থীকে শিবিরের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের কাছে প্রক্টর স্যারের সঙ্গে আলোচনা করিয়ে দেওয়া হয়। এর দুদিন পর হল প্রশাসন হেনা কামাল নামের এক শিবির কর্মীকে ওই দুজন শিক্ষার্থীর তথ্য মোতাবেক ধরে প্রক্টরের কাছে হস্তান্তর করা হয়। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।’ তিনি দাবি করেন, যাদের ধরা হয়েছিল তারা কেউই পূর্বের বা বর্তমান হলের ছাত্রলীগের পদধারী নন।
প্রতিবাদপত্রে শাহাদাত আরো বলেন, ‘আমাকে ৫ জানুয়ারির নির্বাচনের আগে ছাত্রদলের একজন সক্রিয় কর্মী হিসেবে আখ্যায়িত করা হয়। যা সম্পূর্ণ ভিত্তিহীন। আমি আমার পূর্বের হল সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলাম। যা কি না ৫ জানুয়ারির নির্বাচনের আগেই দেওয়া হয়েছিল।’
শাহাদাত আরো দাবি করেন, ‘আমাকে অনুপ্রবেশকারী হিসেবে যে আখ্যা দেওয়া হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। একটি বিশেষ মহল আমার রাজনৈতিক সাফল্যে ঈর্ষান্বিত হয়ে পুরোপুরি ভিত্তিহীন কিছু তথ্য দিয়েছে।’

নিজস্ব সংবাদদাতা