মানিকগঞ্জে কালীগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে শিশু নিখোঁজ
কালীগঙ্গা নদীর মানিকগঞ্জ সদর উপজেলার জয়নগর এলাকায় পানিতে ডুবে আকাশ হোসেন (৯) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। আজ বিকেলে মায়ের সঙ্গে গোসল করতে গিয়ে ডুবে যায় শিশুটি। এর পরপরই ফায়ার সার্ভিস সদস্যরা শিশুটিকে উদ্ধার অভিযান শুরু করেছে।
আকাশ ওই গ্রামের শামসুল হকের ছেলে এবং জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। স্বজন ও স্থানীয়রা জানায়, এক ভাই এক বোনের মধ্যে ছোট আকাশ।
বিকেল চারটার দিকে সে মা আয়শা বেগমের সঙ্গে বাড়ির পাশের ওই নদীতে গোসল করতে যায়। এ সময় পানিতে ডুবে নিখোঁজ হয় আকাশ। স্বজন ও স্থানীয়রা তাকে নদীতে সন্ধানের চেষ্টায় ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।
মানিকগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা বাবুল হোসেন চৌধুরী জানান, শিশুটিকে উদ্ধারে সন্ধ্যার পর নদীতে অভিযান চালানো হয়েছে। কিন্তু, তার কোন সন্ধান মেলেনি। ঢাকা থেকে ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের একটি ডুবুরি দল শিশুটিকে উদ্ধারে ঘটনাস্থলে আসছে। রাতেই নদীতে অভিযান চালানো হবে বলেও জানান তিনি।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ