মোহনপুরে পিস্তল, গুলিসহ ‘শিবিরকর্মী’ আটক
রাজশাহীর মোহনপুর থেকে দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ৫৭টি গুলিসহ শরীফ রেজা নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কেশরহাট পৌরসভার বারইপুকুর গ্রাম থেকে তাঁকে আটক করা হয়।
পুলিশের দাবি, শরীফ রেজা ইসলামী ছাত্রশিবিরের সক্রিয় কর্মী।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হামিদ জানান, শরীফ রেজার (২০) বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দিয়ার মানিকচর গ্রামে। তিনি উজানপাড়া দাখিল মাদ্রাসার ছাত্র। আজ সকালে বারইপুকুর গ্রামে তাঁর সন্দেহজনক ঘোরাঘুরি দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পুলিশ গিয়ে তাঁকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ৫৭টি গুলি উদ্ধার করা হয়।
ওসি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেলিম রেজা ইসলামী ছাত্রশিবিরের সক্রিয় কর্মী বলে স্বীকার করেছেন। তিনি পুলিশকে বলেছেন, ১০ হাজার টাকার বিনিময়ে তিনি অস্ত্র ও গুলিগুলো পাশের বাগমারা উপজেলার মচমইল এলাকায় নিয়ে যাচ্ছিলেন।

শ. ম সাজু, রাজশাহী