ময়মনসিংহে জামায়াত-শিবিরের চার নেতা-কর্মী গ্রেপ্তার
ময়মনসিংহ থেকে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার রাতে জেলা গোয়েন্দা পুলিশ ও মুক্তাগাছা থানা পুলিশ আলাদা অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী জানান, শহরের বলাশপুর এলাকায় সরকারবিরোধী ষড়যন্ত্র ও নাশকতার পরিকল্পনা করার সময় ময়মনসিংহ সরকারি আনন্দমোহন কলেজ শাখা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক মোশাররফ হোসেন (২৫), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের কর্মী গোলাম রব্বানী রুমন (২৪), মো. বাদল আশরাফকে (২৪) গ্রেপ্তার করা হয়। এদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার মামলা করা হয়েছে।
এ ছাড়া মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করিম জানান, গতকাল সন্ধ্যায় নন্দীবাড়ীর নিজ বাসা থেকে মুক্তাগাছা পৌর জামায়াতের আমির আফতাব উদ্দিন আহাম্মদকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মামলা রয়েছে বলেও জানান ওসি। এসব মামলাতেই তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান তিনি।

আইয়ুব আলী, ময়মনসিংহ