ব্রিটিশ হাইকমিশনার ‘স্তম্ভিত’
ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডব্লিউ গিবসন। ফাইল ছবি
লেখক ও ব্লগার অভিজিৎ রায়ের মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডব্লিউ গিবসন। আজ শুক্রবার এক বার্তায় তিনি তাঁর শোক ও উদ্বেগের কথা জানান।
বার্তা সংস্থা বাসস জানিয়েছে, বার্তায় ব্রিটিশ হাইকমিশনার বলেন, ‘অভিজিৎ রায়ের নিষ্ঠুর মৃত্যুতে ব্রিটিশ হাইকমিশনার স্তম্ভিত।’
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় একদল দুর্বৃত্ত কুপিয়ে হত্যা করে অভিজিৎ রায়কে। তিনি মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক ড. অজয় রায়ের ছেলে।
ওই ঘটনায় অভিজিৎ রায়ের স্ত্রী রাফিদা আহমেদ বন্যাকেও জখম করে দুর্বৃত্তরা। তাঁর অবস্থা এখনো আশঙ্কাজনক।
অভিজিৎ ও রাফিদা দুজনেই মার্কিন যুক্তরাষ্ট্রে বাস করেন। কয়েক দিন আগেই তাঁরা ঢাকায় এসেছিলেন।

অনলাইন ডেস্ক