দিনাজপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
দিনাজপুরের বিরল উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।
আজ রোববার ভোরে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্তের কাঠালিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ধর্মজৈন বিওপির নায়েক মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের নাম মো. আলম (৪০)। তিনি ধর্মপুর ইউনিয়নের কামদেবপুর এলাকার মোশাহক আলীর ছেলে। তিনি গরুর ব্যবসা করতেন বলে জানান এলাকাবাসী।
স্থানীয়রা জানান, গতকাল রাতে ধর্মজৈন এলাকার সীমান্ত ঘেঁষা পিলার নম্বর ২০/১০ এস মহাতলা এলাকার রাস্তা দিয়ে বাড়িতে যাচ্ছিলেন আলম। এ সময় তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে বিএসএফ। এ সময় ঘটনাস্থলেই মৃত্যু হয় আলমের। খবর পেয়ে আলমকে উদ্ধার করে নিয়ে যান স্থানীয়রা।
এ বিষয়ে দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গাজী নাহিদুজ্জামান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহের ময়নাতদন্ত হবে।
এ ব্যাপারে বিএসএফকে পতাকা বৈঠকের জন্য বলা হয়েছে জানিয়ে গাজী নাহিদুজ্জামান আরো জানান, এ হত্যাকাণ্ডের কড়া প্রতিবাদ জানানো হবে।

ফারুক হোসেন, দিনাজপুর