কুমিল্লায় বাসচালকের সহকারীকে পিটিয়ে হত্যা
কুমিল্লার চৌদ্দগ্রামে বাস থেকে নামিয়ে বাসচালকের সহকারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
নিহতের নাম আজহারুল ইসলাম। আশঙ্কাজনক অবস্থায় ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান। আজহারুল বরিশালের বাসিন্দা বলে জানা গেছে। আজহারুল বিশাল পরিবহনের বাসে কাজ করতেন। বাসটি চট্টগ্রাম থেকে বরিশাল যাতায়াত করে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরহাদ জানান, কয়েকদিন আগে একজন চৌদ্দগ্রামের চিওড়ার সবুজ নামের এক যাত্রীর সঙ্গে বিশাল পরিবহনের সুপারভাইজারের কথাকাটাকাটি হয়। এ নিয়ে ঘটনার কয়েকদিন পর মহাসড়কের চিওড়ায় একটি সাইকেল ফেলে বাসটিকে আটকাতে চায় সবুজ। বাসটি সাইকেলকে চাপা দিয়ে চলে যায়। পরে এ ঘটনায় একটি সালিসে বাস সুপারভাইজারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
ওসি ফরহাদ জানান, জরিমানার টাকা পরিশোধ না করায় আজ ভোর ৪টায় সবুজ তাঁর সঙ্গীদের নিয়ে একটি পাওয়ার টিলার মহাসড়কে ফেলে রেখে বাসটিকে আটক করে। এ সময় বাস থেকে চালকের সহকারী আজহারুল ইসলামকে নামিয়ে পিটুনি দেয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে ফেনী হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা নেওয়ার পথে চৌদ্দগ্রামের আমজাদের বাজারে তিনি মারা যান। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। তবে সবুজ পলাতক বলে জানিয়েছেন ওসি ফরহাদ।

মো. জালাল উদ্দিন, কুমিল্লা