মানিকগঞ্জে ট্রাকের ধাক্কায় স্কুলছাত্র নিহত
মানিকগঞ্জের উথুলী-পাটুরিয়া ফেরিঘাট সংযোগ সড়কের আড়পাড়া এলাকায় সোমবার রাতে ট্রাকের ধাক্কায় আবদুল আলীম (১৬) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আলী শিবালয় উপজেলার শাকরাইল গ্রামের আফজাল হোসেনের ছেলে। সে মানিকগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ত।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ৯টার দিকে পাটুরিয়া ফেরিঘাট থেকে আলীম ও তার বন্ধু রবিন মোটরসাইকেলে করে মানিকগঞ্জ শহরের বাসায় ফিরছিল। পথে ওই স্থানে বিপরীতগামী ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেল ধাক্কা খায়। এতে আলীম গুরুতর আহত হলেও রবিন অক্ষত থাকে। আর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। স্থানীয় লোকজন আলীমকে উথলীতে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, চিকিৎসক মৃত ঘোষণা করার সঙ্গে সঙ্গে স্বজনরা লাশ বাড়ি নিয়ে গেছে। হাইওয়ে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধারের প্রক্রিয়া করছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ