প্রধান বিচারপতির অনুপস্থিতিতে দায়িত্বে বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞা
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার অনুপস্থিতকালীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রবীণতম বিচারক বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞাকে প্রধান বিচারপতির দায়িত্ব দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞাকে এ দায়িত্ব প্রদান করেন।
বাসসের এক খবরে বলা হয়, প্রধান বিচারপতি আগামী ২২ থেকে ২৮ অক্টোবর এবং আগামী ৫ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত অথবা উভয় ক্ষেত্রে তাঁর যাত্রার তারিখ হতে পুনরায় স্বীয় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা এ দায়িত্ব পালন করবেন।
বর্তমানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিচার কার্যক্রম চলছে। সম্প্রতি সাকা চৌধুরী ও মুজাহিদ আপিল বিভাগে রায় পুনর্বিবেচনার আবেদন করেছেন। এর আগে ট্রাইব্যুনাল তাঁদের মৃত্যুদণ্ডের রায় দিলে আপিল বিভাগও তা বহাল রাখেন।

অনলাইন ডেস্ক