মংলায় দুর্বৃত্তদের হামলায় ৬ ছাত্রলীগকর্মী আহত
বাগেরহাটের মংলা উপজেলায় দুর্বৃত্তদের হামলায় পৌর ছাত্রলীগের সভাপতি আল মামুনসহ ছয়জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে শহরের কলেজ রোড এলাকায় সশস্ত্র একদল দুর্বৃত্ত লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে আল মামুন ও তাঁর সঙ্গে থাকা ছাত্রলীগের কর্মীদের ওপর হামলা চালায়। হামলায় মামুন ও আদর গুরুতর আহত হন। রাত ১১টার দিকে তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত অন্যদের মংলা থানা কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনার প্রতিবাদে শহরে বিক্ষোভ করেছে ছাত্রলীগ ও যুবলীগ।
মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বেলায়েত হোসেন বলেন, ছাত্রলীগের ওপর হামলার ঘটনায় কাউকে আটক করা যায়নি। এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আবু হোসাইন সুমন, মংলা