ইঁদুর মেরে চ্যাম্পিয়ন!
শতক কিংবা হাজার নয়, এক লাখ ৬০ হাজার। সংখ্যাটা ইঁদুরের। এক বছরে সেগুলোকে মেরেছেন বাংলাদেশের কৃষক আবদুল খালেক মিরবহর। সে জন্য পুরস্কার হিসেবে পেয়েছেন ২০ হাজার টাকা।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, জাতীয় ইঁদুর নিধন কর্মসূচির অংশ হিসেবে মিরবহর ও তাঁর সঙ্গীরা গত এক বছরে এক লাখ ৬১ হাজার ২২০টি ইঁদুর মেরেছেন।
এ বিষয়ে জানতে চাইলে সরকারের চারা সংরক্ষণ ইউনিটের প্রধান আবুল কালাম আজাদ এএফপিকে বলেন, ‘মিরবহর একজন উদ্যমী ইঁদুর নিধনকারী। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি (মিরবহর) বলেছেন, শস্যখেকো ইঁদুর নিধনের চেয়ে আনন্দের কিছু নেই তাঁর কাছে।’
অনুসন্ধানে এএফপি জানতে পারে, মিরবহর বেশির ভাগ ক্ষেত্রে নারী স্বেচ্ছাসেবীদের নিয়ে ধান ও গমক্ষেতে ইঁদুর নিধন করেন। এর পর মৃত ইঁদুরের লেজ কেটে স্থানীয় কৃষি অফিসে জমা দেন তিনি।
এসব বিষয়ে জানতে চাইলে ৫৫ বছর বয়সী মিরবহর এএফপিকে বলেন, ‘১৯৯৬ সাল থেকে আমি ইঁদুর মারছি। আমি ইঁদুর মারতে পছন্দ করি। ইঁদুর দেশ ও জাতির শত্রু। তারা ফসল নষ্ট করে আর রোগ ছড়ায়।’
মিরবহরের ইঁদুর মারার এ ঝোঁক প্রসঙ্গে বোরহান উদ্দিন নামের সরকারি এক কর্মকর্তা বলেন, ‘গ্রামের অন্য কৃষকরা তাঁকে (মিরবহর) পাগল বলে। তিনি হ্যামিলনের বাঁশিওয়ালার মতো।’
কৃষি মন্ত্রণালয়ের এক হিসাব থেকে জানা যায়, বাংলাদেশে বার্ষিক ১৫ থেকে ২০ লাখ টন খাদ্যশস্য নষ্ট করে ইঁদুর। জাতীয় ইঁদুর নিধন কর্মসূচির আওতায় গত ১২ মাসে কৃষকরা এক কোটি ৩০ লাখ ইঁদুর মেরেছেন।

অনলাইন ডেস্ক