ফরিদপুর-১ আসনে বিভেদ নেই বিএনপিতে
একাদশ সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (বোয়ালমারী-মধুখালী-আলফাডাঙ্গা) আসনে দ্বিধাবিভক্তি ভুলে ঐক্যবদ্ধ হয়েছে বিএনপি।
গত রোববার সংসদ সদস্য পদপ্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য শাহ মোহাম্মাদ আবু জাফর, সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম ও কেন্দ্রীয় ওলামাদলের যুগ্ম সম্পাদক ডা. মো. শরীফুল ইসলাম শরীফ এক মঞ্চে উঠেন।
তিনজনই ফরিদপুর-১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। বোয়লমারী পৌরসদরের বিএনপি নেতা কাজী মিজানুর রহমানের বাড়িতে এক সমাবেশে ঐক্যবদ্ধ হন তাঁরা। বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল ফরিদপুর জেলা শাখা আয়োজিত উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন, ডা. মো. শরীফুল ইসলাম। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বিএনপির মনোনীত প্রার্থী বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহ মো. আবু জাফর। প্রধান বক্তা ছিলেন সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো বক্তব্য দেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার রফিকুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক শামসুজ্জামান ঝুনু, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ মাহাবুবুর রশীদ হেলাল প্রমুখ। এ সময় বক্তারা ৩০ ডিসেম্বরের নির্বাচনে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিয়ে শাহ জাফরকে বিজয়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সঞ্জিব দাস, ফরিদপুর