মহাসড়ক থেকে ওষুধবোঝাই পিকআপ ভ্যান ছিনতাই
মানিকগঞ্জ সদর উপজেলার মুলাজান এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক থেকে ওষুধবোঝাই একটি পিকআপ ভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অপসোনিন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি পিকআপ ভ্যান ওষুধ তৈরির কাঁচামাল বোঝাই করে ঢাকা বিমানবন্দর থেকে বরিশাল যাচ্ছিল। পথে মুলাজান এলাকায় একটি মাইক্রোবাস সামনে থেকে গতিরোধ করে পিকআপ ভ্যানটির। পরে কয়েকজন যুবক পিকআপ ভ্যানের চালক মো. আলামিন ও তাঁর সহকারীকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। ওই সময় দুজন দুর্বৃত্ত পিকআপ ভ্যানটি ছিনতাই করে পালিয়ে যায়।
এ ব্যাপারে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, বিষয়টি শুনে তাৎক্ষণিকভাবে সব জায়গায় রেডিওবার্তা পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ