মুন্সীগঞ্জে বিএনপির নির্বাচনী কার্যালয় ভাঙচুর, প্রতিবাদ সভা
মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নে বিএনপির নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের ঘটনায় প্রতিবাদ সভা করেছে জেলা বিএনপি।
আজ বুধবার সকাল ১০টার দিকে বজ্রযোগিনীর ভাঙ্গা এলাকায় জেলা বিএনপির সভাপতি ও মুন্সীগঞ্জ-৩ আসনের দলীয় প্রার্থী আবদুল হাইয়ের নেতৃত্বে প্রতিবাদ সভা করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বজ্রযোগিনী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি তোতা মুন্সী বলেন, ‘মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে আওয়ামী লীগের লোকজন নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করে। এ ছাড়া পোস্টার ছিঁড়ে তাতে অগ্নিসংযোগ করে। এর প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সভা।’

মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নে বিএনপির নির্বাচনী ক্যাম্প মঙ্গলবার রাতে ভাঙচুর করা হয়। ছবি : এনটিভি
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব কামাল, আইনবিষয়ক সম্পাদক আবদুল হালিম, বজ্রযোগিনী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা কামালসহ দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
ভাঙচুরের ঘটনা সম্পর্কে জানতে চাইলে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ পাভেল বলেন, ‘আওয়ামী লীগ জ্বালাওপোড়াও ভাঙচুরের রাজনীতিতে বিশ্বাস করে না। বিএনপির লোকজন এসব করে আমাদের ওপর দায় চাপাচ্ছে। আমরা সে সময় আমাদের দলীয় প্রার্থী মৃণাল কান্তি দাসের সঙ্গে গণসংযোগ সভায় ছিলাম।’
হাতিমারা পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘ঘটনার পরপরই আমরা সেখানে গিয়েছি। বিএনপির পক্ষ থেকে আমরা কোনো অভিযোগ পাইনি। ঘটনাস্থলে কোনো নির্বাচনী ক্যাম্প নেই, সেটি আসলে বিএনপি নেতার ব্যক্তিগত কার্যালয়।’

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ