ব্লগার রাজীব হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ পেছাল
ব্লগার রাজীব হায়দার শোভন হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণের দিন পিছিয়েছে। আগামী ১১ অক্টোবর সাক্ষ্য গ্রহণের নতুন দিন ধার্য করেছেন আদালত।
আজ বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ৩-এর ভারপ্রাপ্ত বিচারক শাহেদ নূর উদ্দিন এ দিন ধার্য করেন।
সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহবুবুর রহমানের সহকারী আইনজীবী মো. ফয়সাল ভূইয়া অনি এনটিভি অনলাইনকে জানান, আজ এ মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। কিন্তু কোনো সাক্ষী আদালতে সাক্ষ্য দিতে না আসায় রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান সময় চেয়ে আদালতের কাছে আবেদন করেন। শুনানি শেষে বিচারক সময়ের আবেদন মঞ্জুর করে নতুন দিন ধার্য করেন।
রাজিব হত্যা মামলায় ৫৫ সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত ১৩ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।
২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি বাসায় ফেরার পথে রাজধানীর পল্লবীর কালশীর পলাশনগরে আততায়ীর হাতে নিহত হন রাজীব হায়দার শোভন। এ ঘটনায় নিহতের বাবা ডা. নাজিম উদ্দীন পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পরের বছর ২০১৪ সালের ২৯ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক নিবারণ চন্দ্র বর্মণ ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে আটজনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করেন।
আসামিরা হলেন - নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফয়সাল বিন নাইম ওরফে দিপু (২২), মাকসুদুল হাসান অনিক (২৬), এহসানুর রেজা রুম্মান (২৩), মো. নাঈম সিকদার ওরফে ইরাদ (১৯), নাফিজ ইমতিয়াজ (২২), সাদমান ইয়াছির মাহমুদ (২০), মুফতি জসীম উদ্দিন রাহমানী ও রেদোয়ানুল আজাদ রানা (৩০)।
এর মধ্যে রানা পলাতক রয়েছেন। বাকি সাত আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং কারাগারে আটক রয়েছেন।
২০১৫ সালের ১৮ মার্চ ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমিন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আনুষ্ঠানিক ভাবে এ মামলায় বিচার শুরু করার নির্দেশ দেন।

নিজস্ব সংবাদাদাতা