বার কাউন্সিল নির্বাচনের ফল বাতিল চেয়ে ট্রাইব্যুনালে আবেদন
বাংলাদেশ বার কাউন্সিল নিবার্চনের ফলাফলের গেজেট ঘোষণার বৈধতা চ্যালেঞ্জ করে বার কাউন্সিল নির্বাচনী ট্রাইব্যুনালে পাঁচটি আবেদন দায়ের করা হয়েছে।
আজ বুধবার বার কাউন্সিলের সচিব আ ক ম জহুরুল আলমের কাছে নির্বাচনে কয়েকজন পরাজিত প্রার্থীসহ হাইকোর্টের কয়েকজন আইনজীবী এ আবেদন করেন। আবেদনে বার কাউন্সিলের চেয়ারম্যানসহ বিজয়ী সব প্রার্থীকে বিবাদী করা হয়েছে।
নিয়মানুযায়ী, আবেদনটি বার কাউন্সিল সচিব নির্বাচনী ট্রাইব্যুনালে শুনানির জন্য পাঠাবেন। নির্বাচনী ট্রাইব্যুনালের বর্তমান সদস্যরা হলেন অ্যাডভোকেট হাবিবুল ইসলাম ভূঁইয়া, গোলাম মোস্তাফা ও এ বি এম ওয়ালীউর রহমান খান।
আবেদনকারীরা হলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট সানাউল্ল্যাহ মিয়া, অ্যাডভোকেট মহসিন মিয়া, গোলাম মোস্তফা খান, ব্যারিস্টার আহসানুর রহমান, অ্যাডভোকেট মোক্তার কবির খান, অ্যাডভোকেট মাজেদুল ইসলাম পাটোয়ারী, অ্যাডভোকেট জসিম সরকার, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, অ্যাডভোকেট নাজমুল হুদা, অ্যাডভোকেট নাইমা জামান, অ্যাডভোকেট সানজিদা সিদ্দিকী ও অ্যাডভোকেট জুলফিকার জুনু।
এ বিষয়ে ব্যারিস্টার আহসানুর রহমান এনটিভি অনলাইনকে বলেন, বার কাউন্সিলের আইন অনুসারে সব ব্যালট চেয়ারম্যান গণনা করবেন। কিন্তু চেয়ারম্যান ব্যালট গণনা না করে শুধু বিভিন্ন আইনজীবী সমিতি থেকে ভোট একত্র করে বিজয়ীদের নাম ঘোষণা করেন।
গত ২৬ আগস্ট বার কাউন্সিলের নির্বাচনে সরকার সমর্থক আইনজীবীদের সংগঠন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সংখ্যাগরিষ্ঠতা প্রায়। মোট ১৪টি পদের ১১টিতেই তারা জয় পেয়েছে। বাকি তিনটিতে জয় পেয়েছে বিএনপি-জামায়াত সমর্থক নীল প্যানেল। বার কাউন্সিলের সাধারণ আসনের সাত ও গ্রুপ আসনের সাতজন মিলে নির্বাচিত ১৪ জনের মধ্য থেকেই নির্বাচিত হবেন একজন ভাইস চেয়ারম্যান। এরপর ৩ সেপ্টেম্বর গেজেট প্রকাশ করে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। পরে ২২ সেপ্টেম্বর নির্বাচিতদের প্রথম বৈঠকে সদস্যদের ভোটে অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদারকে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত করা হয়।

নিজস্ব প্রতিবেদক