সরকারি গাড়ি থেকে মিলল ১১০ কেজি গাঁজা
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় একটি গাড়ি থেকে উদ্ধার হওয়া গাঁজা। ছবি : এনটিভি
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় একটি সরকারি গাড়ি থেকে ১১০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বালুয়াকান্দির আল কুতুবিয়া হোটেলের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ওই গাড়িতে তল্লাশি চালিয়ে এসব উদ্ধার করা হয়।
গজারিয়ার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, গাড়িটি সরকারি ও কোনো সচিবের। গাড়ির ভেতরে কোনো কাগজপত্র পাওয়া যায়নি। সকালের দিকে তল্লাশির জন্য সিগন্যাল দেওয়া হয় গাড়িটিকে। এ সময় একটি সাইডের দরজা খুলে পালিয়ে যান চালক। এরপর গাড়ির ভেতর থেকে ১১০ কেজি গাঁজা জব্দ করা হয়। বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ