বাইচের নৌকার আঘাতে দর্শকের মৃত্যু
মানিকগঞ্জ সদর উপজেলার বালিরটেক এলাকায় ধলেশ্বরী নদীতে আজ রোববার বিকেলে বাইচের নৌকার আঘাতে মবজেল হোসেন (৪২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মবজেল পাশের সিংগাইর উপজেলার চারিগ্রাম ইউনিয়নের জাইল্ল্যা গ্রামের মৃত মুনছের আলীর ছেলে। দুই ছেলে ও এক মেয়ের জনক মবজেল পেশায় ছিলেন কৃষক।
প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, বালিরটেক এলাকায় নদীতে বিকেলে নৌকাবাইচের আয়োজন করা হয়। জেলার বিভিন্ন স্থান থেকে লোকজন সেখানে নৌকা নিয়ে বাইচে অংশ নেন। ওই নৌকাবাইচ দেখতে সেখানে আশপাশের এলাকার হাজারো মানুষ ভিড় করেন। মবজেলও লোকজনের সঙ্গে এসে একটি ট্রলার নিয়ে নৌকাবাইচ উপভোগ করছিলেন। বিকেল ৫টার দিকে হঠাৎ বাইচের একটি নৌকায় ধাক্কায় তিনি পানিতে পড়ে আঘাত পান। মুহূর্তে পেছন থেকে আরেকটি নৌকার আঘাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এর পরপরই স্বজন ও সঙ্গীরা তাঁর লাশ বাড়িতে নিয়ে যায়।
এ ব্যাপারে চারিগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাজেদুল ইসলাম স্বাধীন জানান, বাইচের নৌকার আঘাতে মবজেলের মৃত্যুর পরেই স্বজন ও সঙ্গীরা লাশ বাড়িতে নিয়ে যান। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, বিষয়টি খোঁজ নিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ