পাটুরিয়া পারাপারের অপেক্ষায় দীর্ঘ জট
ঈদে ঘরমুখো যাত্রীদের চাপে আজ বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে এক কিলোমিটারের বেশি এলাকায় গাড়ির জট সৃষ্টি হয়েছে। পারাপারের অপেক্ষায় আছে পাঁচ শতাধিক গাড়ি।
এ ছাড়া ঢাকা-আরিচা মহাসড়কের উথলী এলাকায় পাটুরিয়া ফেরি সংযোগ সড়কের প্রবেশমুখসহ বিভিন্ন স্থানে ঘাটমুখী ও ফিরতি যানবাহনের কারণে যানজট সৃষ্টি হচ্ছে। ধীরগতির কারণে পাটুরিয়া ফেরিসংযোগ সড়ক থেকে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় ২৪ কিলোমিটার চলন্ত যানবাহনের দীর্ঘ সারি হয়েছে।
পদ্মা নদীতে প্রবল স্রোতের বিপরীতে ফেরি চলতে দেড় গুণ সময় বেশি লাগায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে যানবাহনগুলোকে পারাপার হতে হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী ও যানবাহন শ্রমিক। এ ছাড়া পাটুরিয়া লঞ্চঘাটে সৃষ্টি হয়েছে উপচেপড়া ভিড়। এসব ভিড় ঠেলে যাত্রীরাও লঞ্চ ও ফেরিতে পার হচ্ছেন।
দুপুরে পাটুরিয়া ঘাটে গিয়ে দেখা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের উথলী-পাটুরিয়া ফেরিসংযোগ সড়কের কিছু কিছু স্থানে ঢাকা অভিমুখী যানবাহন সড়কের এ-ফাঁক ও-ফাঁক দিকে যাওয়ার সময় আটকে পড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। পাটুরিয়া ফেরিঘাট থেকে আরসিএল মোড় ছাড়িয়ে এক কিলোমিটার সড়কে দীর্ঘ সারিতে যানবাহন অপেক্ষায় রয়েছে। আরসিএল মোড় থেকে বাইপাস সড়কে ছোট যানবাহনগুলোকে ৫ নম্বর ফেরিঘাটে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আর মূল সড়কে অস্থায়ী ডিভাইডার দিয়ে ফেরি পারাপারের যানবাহন ও পৃথক লেনে লঞ্চ পারাপারে যাত্রীবাহী যানবাহন পাটুরিয়া ঘাটে প্রবেশ করছে। লঞ্চঘাটে যাত্রীদের উপচেপড়া ভিড় পড়েছে। অনেক যাত্রীই আবার ফেরিতে পার হচ্ছেন।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল জানান, এ নৌপথে নয়টি রো রো, ছয়টি ইউটিলিটি (মাঝারি) ও তিনটি কে-টাইপ (ছোট) ফেরি দিয়ে যানবাহন পারাপার করছে। গতকাল বুধবার দুপুর থেকে যানবাহনের চাপ কিছুটা বেড়ে গেছে। পদ্মায় তীব্র স্রোতের কারণে পাটুরিয়া থেকে দৌলতদিয়া ঘাটে পৌঁছাতে ফেরির সময় লাগছে বেশি। তার পরও ঘাটে যেসব যানবাহন আসছে, তা দ্রুত ফেরি পারাপারের ব্যবস্থা হচ্ছে। ঘাট পরিস্থিতি অনুকূলে রয়েছে বলে জানান তিনি।
পাটুরিয়া লঞ্চ কাউন্টারের সুপারভাইজার জুয়েল রানা জানান, সকাল থেকে যাত্রীদের চাপ শুরু হলেও ২৮-২৯টি লঞ্চ দিয়ে এসব যাত্রী পার করা হচ্ছে। দুপুরে যাত্রীদের বাড়তি চাপ পড়েছে। এই লঞ্চগুলো দিয়েই এই চাপ সামলানো যাবে বলেও জানান তিনি।
পাটুরিয়া নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক গোলাম মোর্শেদ খাইরুল্লাহ জানান, দুপুরে পাটুরিয়া ঘাটে ফেরি পারাপারের জন্য প্রায় এক কিলোমিটার এলাকায় যানবাহনের সারি হয়েছে। কিছু কাটা গাড়ি (লঞ্চ যাত্রীবাহী) পাটুরিয়া থেকে ফেরার পথে অলিগলি দিয়ে যাওয়ার সময় যানজট সৃষ্টি করছে। পুলিশ তা দ্রুত নিরসন করে ঘাটের সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছে।
মানিকগঞ্জের ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) আবুল হোসেন জানান, মহাসড়কের বিভিন্ন বাসস্ট্যান্ড এলাকায় লোকাল বাসের যাত্রী ওঠানামার কারণে ধীরগতিতে যানবাহনগুলোকে চলতে হচ্ছে। এ জন্য মহাসড়কজুড়ে দীর্ঘ সারিতে যানবাহন চলাচল করছে। কোথাও যানজট সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ দ্রুত নিরসন করছে বলেও জানান তিনি।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ