যশোরে গুলিতে ‘মাদক ব্যবসায়ী’ নিহত
যশোর মেডিকেল কলেজ হাসপাতালের পাশে নিহত শহিদুল ইসলাম তপনের স্বজনদের ভিড়। ছবি : এনটিভি
যশোর শহরের শংকরপুর বাবলাতলা এলাকা থেকে সন্দেহভাজন এক মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম শহিদুল ইসলাম তপন।
যশোর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, গতকাল শুক্রবার রাত ৩টার দিকে শহরের শংকরপুর এলাকায় দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে বন্দুকযুদ্ধ হচ্ছে বলে পুলিশের কাছে খবর আসে। খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এসময় সেখানে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে পুলিশ তাঁকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, আজ সকালে এলাকাবাসীর মাধ্যমে পুলিশ জানতে পেরেছে যে, নিহত ব্যক্তির নাম তপন। তিনি যশোরের রায়পাড়া এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী। ঘটনাস্থল থেকে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

সাইফুল ইসলাম সজল, যশোর