গাঁজা বিক্রির দায়ে এক বছরের কারাদণ্ড
গাঁজা বিক্রির দায়ে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোবিন্ধল গ্রামের মোশাররফ হোসেন (৩০) নামের এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদুল ইসলাম এই আদেশ দেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মানিকগঞ্জের পরিদর্শক ইউনুস হাওলাদার জানিয়েছেন, মোশাররফ দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য গাঁজার ব্যবসা করছেন। সকাল ৮টার দিকে মোশাররফের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় মোশাররফের ঘরে পলিথিনে মোড়ানো এক কেজি গাঁজা পাওয়া যায়। গাঁজা জব্দ করে মোশাররফকে আটক করা হয়। এরপর দুপুর ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালত মোশাররফকে ওই সাজা দেন। ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে এসব গাঁজা ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয় বলে জানিয়েছেন তিনি।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান জানান, কারাদণ্ডাদেশ দেওয়ার পর পরই মোশাররফকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ