আয় বেড়েছে পাকশী রেলের
বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগ চলতি অর্থবছরে আগের বছরের তুলনায় প্রায় ৬১ কোটি টাকা অতিরিক্ত আয় করেছে, যা গত ২০ বছরের মধ্যে আয়ের সর্বোচ্চ রেকর্ড। পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক খায়রুল আলম ও পাকশী বিভাগের ব্যবস্থাপক আফজাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র মতে, পাকশী বিভাগ গত ২০১৩-১৪ অর্থবছরে যাত্রী বহন করে ১৩৬ কোটি ৬৪ লাখ টাকা, পার্সেল বহনে ছয় কোটি ৭৬ লাখ টাকা, মালামাল বহনে ৪৪ কোটি ১৭ লাখ টাকা ও বিবিধ খাতে আরো তিন কোটি ৯২ লাখ টাকাসহ মোট ১৯১ কোটি ৪৯ লাখ টাকা আয় হয়।
২০১৪-১৫ অর্থবছরে যাত্রী বহন করে ১৪৯ কোটি ৮৪ লাখ টাকা, পার্সেল বহনে পাঁচ কোটি ৩৬ লাখ টাকা, মালামাল বহন করে ৯৩ কোটি ১০ লাখ টাকা ও বিবিধ খাতে চার কোটি সাত লাখ টাকাসহ মোট ২৫২ কোটি ৩৭ লাখ টাকা আয় হয়েছে, যা গত অর্থবছরের তুলনায় প্রায় ৬১ কোটি টাকা বেশি।
পাকশী বিভাগের ব্যবস্থাপক আফজাল হোসেন জানান, স্টেশন বন্ধ থাকা, ঢাকামুখী ট্রেনে বেশি কোচ সংযোজন করতে না পারা, চালক (এলএম) ও গার্ড সংকট থাকার পরও কর্মকর্তা-কর্মচারীরা সঠিকভাবে দায়িত্ব পালনের কারণে রেকর্ড পরিমাণ আয় করা সম্ভব হয়েছে। সংকট না থাকলে আরো বেশি আয় করা সম্ভব হতো।
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক খায়রুল আলম জানান, রেল মন্ত্রণালয়ের সঠিক নির্দেশনায় পশ্চিমাঞ্চল রেলওয়ের সকল বিভাগে কর্মকর্তা-কর্মচারীরা সঠিকভাবে দায়িত্ব পালনের চেষ্টা করছেন।

এ বি এম ফজলুর রহমান, পাবনা