মুন্সীগঞ্জে বোমাসদৃশ বস্তু উদ্ধার
গতকাল রোববার দিবাগত গভীর রাতে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা থেকে বোমাসদৃশ একটি বস্তু উদ্ধার করা হয়েছে। ছবি : এনটিভি
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বোমাসদৃশ একটি বস্তু উদ্ধার করা হয়েছে।
গতকাল রোববার দিবাগত গভীর রাত ২টায় উপজেলার মান্দ্রা এলাকার বেলায়েত হোসেনের বাড়ি থেকে বস্তুটি উদ্ধার করা হয়। পরে সেটি নিষ্ক্রিয় করার জন্য নদীর পাড়ে রাখা হয়।
বেলায়েত হোসেনের স্ত্রী ইয়াসমিন বলেন, ‘অপরিচিতি একটি মোবাইল নম্বর থেকে রাতে জানানো হয়, বাড়ির পাশে একটি বোমা রাখা হয়েছে। আমরা সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকে জানাই। পুলিশ এসে বোমাটি নদীর পাড়ে নিয়ে যায়।’
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আলমগীর হোসেন জানান, খবর পেয়ে বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করে নদীর পাড়ে নিয়ে আসা হয়েছে। বোমা নিষ্ক্রিয়কারী দল এসে সেটি নিষ্ক্রিয় করবে। বোমাটি লাল স্কচটেপ দিয়ে মোড়ানো। এতে একটি ঘড়ি লাগানো আছে।

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ