কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ ২ ‘ডাকাত’ নিহত
কুমিল্লার তিতাস উপজেলায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সন্দেহভাজন দুই ডাকাত নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোর সাড়ে ৪টার এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গোলাগুলিতে তাদের অন্তত চার সদস্য আহত হয়েছে। এ সময় আরো পাঁচ ডাকাতকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার উত্তর মো. শাখাওয়াত হোসেন জানান, ডাকাতির প্রস্তুতি চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তিতাসের নারায়ণপুর কবরস্থান এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি ছোড়ে, আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে উভয় পক্ষের গোলাগুলিতে আল আমিন ওরফে কাওসার ও এরশাদ নামের দুই ডাকাত নিহত হন। এ সময় আহত হন গোয়েন্দা পুলিশের শহীদ, কামাল ও সুমনসহ চারজন। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মো. জালাল উদ্দিন, কুমিল্লা