পাটুরিয়ায় ফেরিতে ডাকাতির চেষ্টা, অস্ত্রসহ গ্রেপ্তার ৫
পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ফেরিতে ডাকাতির চেষ্টাকালে পুলিশ দেশীয় অস্ত্রসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে শিবালয় থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ইন্দ্রিসপাড়ার আমজাদ মণ্ডল (৩০), দক্ষিণ দৌলতদিয়া গ্রামের রউফ সর্দার (৪০), উত্তর দৌলতদিয়া গ্রামের আলাউদ্দিন (৪৩), মোনাক্কা প্রামাণিক ( ৪৩) ও জামাল আলী (৪৫)।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে কিছুদিন ধরে ফেরিতে ডাকাতির চেষ্টা হচ্ছিল। এ কারণে ফেরিতে যাত্রী ও জানমালের নিরাপত্তা বৃদ্ধি করে ডাকাতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। এই অভিযানে গতকাল মঙ্গলবার রাত ২টার দিকে তিনি (ওসি) একদল পুলিশ নিয়ে সাদা পোশাকে রো রো (বড়) ফেরি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানে অবস্থান নেন। এ সময় ফেরিটি যাত্রী ও যানবাহন বোঝাই করে পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে দৌলতদিয়ার উদ্দেশে রওনা হয়। পথে ট্রলারে করে (ইঞ্জিন চালিত নৌকা) একদল ডাকাত দেশীয় ধারালো অস্ত্র, লোহার রড ও পাইপ হাতে চলন্ত ফেরিতে ওঠে। ফেরিতে ডাকাতির চেষ্টা করলে পুলিশ অস্ত্রসহ নাতেনাতে ওই পাঁচজনকে আটক করে।
এরপর শিবালয় থানায় এনে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তাদের সঙ্গে আরো সহযোগী ছিল বলে স্বীকার করে। এ ঘটনায় পুলিশ থানায় ৩৯৯/৪০২ ধারায় মামলা করেছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতে পাঠানো হয় বলে জানান ওসি।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ