ভারত থেকে ফিরল শিশু-নারীসহ ১২ বাংলাদেশি
দেড় বছর আগে ভারতে পাচার হওয়া শিশু-নারীসহ ১২ বাংলাদেশি নৌ শ্রমিককে বেনাপোল চেকপোস্ট দিয়ে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। এদের মধ্যে একজন শিশু, তিনজন নারী ও আটজন পুরুষ। আজ শনিবার সন্ধ্যা ৭ টার দিকে বাংলাদেশিদের হস্তান্তর করা হয়।
যারা ফেরত এসেছে তাদের গ্রামের বাড়ি ফরিদপুর, নড়াইল, বাগেরহাট, নোয়াখালী ও ঢাকার বিভিন্ন এলাকায়।
ভারতের পেট্রাপোল পুলিশ ইমিগ্রেশন বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের কাছে আটজন ও বিজিবির কাছে চারজনকে হস্তান্তর করে।
এরপর বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশন আট নৌ শ্রমিককে এবং বিজিবি সদস্যরা শিশু ও তিন নারীকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করে। সেখান থেকে বাংলাদেশ নৌযান ফেডারেশনের সভাপতি শাহ আলম আট শ্রমিককে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করবেন। অপরদিকে এক শিশু ও তিন নারীকে মানবাধিকার সংগঠন রাইটস যশোর তাঁদের পরিবারের কাছে ফিরিয়ে দেবে।
ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, দেড় বছর আগে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে যায় ওই ১২ জন। সীমান্ত থেকে ভারতের মেদেনিপুর ও পশ্চিমবঙ্গ পুলিশের হাতে তারা আটক হয়। পুলিশ তাদের জেলহাজতে পাঠায়। এরপর তাদের দেড় বছরের সাজা হয়।
পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের পর ট্রাভেল পারমিট এবং স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানো হয়।

মহসিন মিলন, বোনপোল