যশোর সদর আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার
যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহারুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে যশোর বিমানবন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) কে এম আরিফুল হক বিষয়টি জানিয়েছেন।
শাহারুল ইসলাম যশোর সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া গ্রামের শুকুর মণ্ডলের ছেলে। তিনি সদর ছাত্রলীগের আহ্বায়ক রিপন ওরফে দাদা রিপন হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত প্রধান আসামি।
এদিকে, শাহারুলকে গ্রেপ্তারের প্রতিবাদ ও তাঁর মুক্তির দাবিতে আজ বৃহস্পতিবার সকালে যশোর শহরে মিছিল করেছে জেলা আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীরা। মিছিলটি শহরের চিত্রা মোড় থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।
২০১০ সালের ১৩ মার্চ জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। রিপন ওরফে দাদা রিপন ওই সম্মেলনে জেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন। কমিটি গঠনকে কেন্দ্র করে সেদিন যশোর শহরে ব্যাপক বোমাবাজি হয়। পরদিন ১৪ মার্চ বাড়ি থেকে মোটরসাইকেলে করে শহরের দিকে যাওয়ার পথে দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে খুন হন দাদা রিপন। এ ঘটনায় রিপনের বাবা শহীদুল ইসলাম সদর থানায় মামলা করেন। ২০১৩ সালের ১৮ ডিসেম্বর পুলিশ আদালতে এ মামলার অভিযোগপত্র দাখিল করে। এতে শাহারুলসহ সাতজনকে অভিযুক্ত করা হয়।

সাইফুল ইসলাম সজল, যশোর