ছয় দিন বয়সী কন্যাশিশুকে পুকুরে ফেলে হত্যা!
এক সপ্তাহ আগে জন্মেছিল কন্যাশিশুটি। তবে ছয় দিনের বেশি বাঁচতে পারল না সে। আজ সোমবার সকালে বাড়ির পাশের পুকুরে ভেসে ওঠে শিশুটির লাশ। ঘটনাটি ঘটেছে ফরিদপুরের নগরকান্দা উপজেলার ঝাতুরদিয়া গ্রামে।
এদিকে, শিশুটিকে হত্যার অভিযোগে তার মা হামিদা বেগম (৩৫) ও দাদি ফরিদা বেগমকে (৭০) আটক করেছে নগরকান্দা থানা পুলিশ।
নগরকান্দা থানার উপপরিদর্শক (এসআই) মাহামুদুল হাসান জানান, উপজেলার কাইচাইল ইউনিয়নের ঝাতুরদিয়া জাকির মোল্যার স্ত্রী হামিদা বেগম গত মঙ্গলবার একটি কন্যাশিশুর জন্ম দেন। গতকাল রোববার হঠাৎ শিশুটিকে পাওয়া যাচ্ছে না বলে চিৎকার শুরু করেন শিশুটির দাদি ও মা। পরে আজ সকালে বাড়ির পাশের পুকুরে শিশুটির লাশ ভেসে ওঠে। স্থানীয় লোকজন লাশ দেখে পুলিশে খবর দেন। এরপর নগরকান্দা থানা পুলিশ গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে।
পরপর দুটি কন্যাসন্তান জন্ম দেওয়ায় মা ও দাদি দুজনে মিলে শিশুটিকে হত্যা করেছে বলে ধারণা করছেন স্থানীয় লোকজন।
এদিকে শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।


সঞ্জিব দাস, ফরিদপুর