বিআরটিএ থেকে লাইসেন্স নিতে ভোগান্তি!
দেশব্যাপী গাড়িচালকদের বাংলাদেশ অভ্যন্তরীণ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) থেকে লাইসেন্স নিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে। শতকরা ৯২ ভাগ চালককে লাইসেন্স নিতে বিআরটিএকে ঘুষ দিতে হচ্ছে। এ ছাড়া দেশের ৮১ শতাংশ চালক গাড়ি চালানো শিখেছে অপ্রাতিষ্ঠানিক প্রক্রিয়ায় ওস্তাদের মাধ্যমে। এদের নেই কোনো বৈধ লাইসেন্স।
সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ে মানিকগঞ্জে আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা এসব অভিমত ব্যক্ত করেন। আজ সোমবার ব্র্যাক নিরাপত্তা কর্মসূচি ও অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেঞ্জের আয়োজনে মানিকগঞ্জ পুলিশ সুপারের সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মহিবুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মাহফুজুর রহমান।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এলজিইডি মানিকগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল বারেক হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন, মানিকগঞ্জ ট্রাক মালিক সমিতির সভাপতি সুলতানুল আজম খান আপেল, সাধারণ সম্পাদক মোনায়েম খান, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, জেলা ব্র্যাক প্রতিনিধি মো. আবু জাফর, শ্রমিক ইউনিয়নের সভাপতি বাবুল সরকার, জেলা শিক্ষা কর্মকর্তা রেজাউল করিম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌস শিখাসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা ও যানবাহনের চালকরা।
মতবিনিময় সভায় ব্র্যাক প্রতিনিধি অপূর্ব সাহা সচিত্র প্রতিবেদনে সড়কে দুর্ঘটনার কারণ হিসেবে বেপরোয়া গাড়ি চালানো, চালকদের প্রশিক্ষণের অভাব, ত্রুটিপূর্ণ যানবাহন, রাস্তার নকশায় ত্রুটি, ট্রাফিক আইনের দুর্বল প্রয়োগ, সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতার অভাব ও পথচারীর ঝুঁকিপূর্ণ আচরণকে দায়ী করেন।
মতবিনিময় সভায় জানানো হয়, দেশের নয়টি জাতীয় মহাসড়কের ৫৭ কিলোমিটার জায়গার মধ্যে বেশি দুর্ঘটনা সংগঠিত হয়ে থাকে। এ ছাড়া সারা দেশে ২০৮টি ব্ল্যাক স্পট রয়েছে। এক গবেষণা সমীক্ষার বরাত দিয়ে জানানো হয়, মহাসড়কের ব্যস্ত ও চাপা মোড় এবং বাস, ট্রাকস্ট্যান্ড এলাকায় মূলত দুর্ঘটনা ঘটে থাকে। দেশের ৪১ শতাংশ দুর্ঘটনা ঘটে থাকে বাসস্ট্যান্ড এলাকায়। এ ছাড়া রাস্তার পারে গড়ে ওঠা হাটবাজারের কারণে ২৮ ভাগ ও রাস্তার মোড়ের কারণে ১৮ ভাগ দুর্ঘটনা ঘটে থাকে।
সড়ক দুর্ঘটনার নয়টি কারণের মধ্যে দুর্ঘটনা ঘটিয়ে পার পাওয়ার যায়, এ ধরনের সংস্কৃতি চালু রয়েছে দেশে। আমাদের দেশে সড়ক নিরাপত্তাজনিত কোনো বাজেট রাখা হয় না।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ