চট্টগ্রামে স্কুলছাত্র আদনান হত্যায় আটক ৫
চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের ছাত্র আদনান ইসফার হত্যার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার ভোরে চট্টগ্রামের ফটিকছড়ি থেকে চারজনকে এবং নগরীর একটি এলাকা থেকে আরেকজনকে আটক করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার জাহাঙ্গীর আলম জানান, কলেজিয়েট স্কুলের নবম শ্রেণির ছাত্র আদনান ইসফারকে হত্যার ঘটনায় আজ ভোর পর্যন্ত পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের পর কাল আদালতে নেওয়া হবে। ক্লোজড সার্কিট ক্যামেরা বা সিসি ক্যামরার মাধ্যমে খুনিদের শনাক্তের পর তাদের আটক করা হয়েছে বলেও জানান তিনি।
গত মঙ্গলবার দুপুরে নগরীর জামালখান এলাকায় স্কুলছাত্র আদনান ইসফারকে ছুরিকাঘাত করে খুন করে একদল দুর্বৃত্ত। নিহত আদনান সরকারি কলেজিয়েট স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল। জামাল খান প্রেসক্লাব এলাকাতেই তাদের বাসা।

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম